দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বাড়াতে সব ৩১ ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত সপ্তাহের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়।
জাহেদ উর রহমান বলেন, বর্তমানে সারাদেশে মাত্র আটটি উপজেলায় ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু রয়েছে। স্বাস্থ্যসেবার বিস্তার ঘটাতে বাকি সব ৩১ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগও নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এসব অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। গত ৬ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পটির কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ‘ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম’-এর উদ্বোধনের কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, গত ৭ জুন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগ ও সব জেলায় এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে দেশের জাতীয় গ্রিড আধুনিকায়নের সমীক্ষা চলছে। এছাড়া ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত মূল্যহারও স্থগিত রাখা হয়েছে।
শিক্ষা খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।
এছাড়া বর্তমানে সারাদেশে ১ হাজার ১০০টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম চলমান রয়েছে এবং সরকারি গুদামে ১৮ লাখ ৭৪ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে বলে জানান তিনি। ঈদুল আজহায় দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই শতভাগ কোরবানির পশুর চাহিদা পূরণ হয়েছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
এমএস/